ছবি: সংগৃহীত
আগামী বছরের প্রথম সোমবার, অর্থাৎ ৪ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে ‘টি+১’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানায় ডিএসই। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্টক এক্সচেঞ্জ ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসি ও ডিএসই উভয় সূত্রেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে দেশের শেয়ারবাজারে ‘টি+২’ পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থায় কোনো শেয়ার কেনাবেচা হলে লেনদেনের তৃতীয় কর্মদিবসে শেয়ার বা বিক্রয়লব্ধ অর্থ বিনিয়োগকারীর হিসাবে জমা হয়।
নতুন ‘টি+১’ ব্যবস্থা কার্যকর হলে লেনদেনের সময়সীমা এক দিন কমে আসবে। ফলে বিনিয়োগকারীরা যেদিন শেয়ার কিনবেন, পরদিনই সেই শেয়ার তাঁদের বিও হিসাবে যুক্ত হবে।
একইভাবে কোনো বিনিয়োগকারী আজ শেয়ার বিক্রি করলে আগামীকালই তাঁর প্রাপ্য অর্থ হাতে পাবেন। এতে করে মূলধনের গতিশীলতা বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে আসছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। আধুনিক ও দ্রুতগতির বাজার ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসই ও ব্রোকারেজ হাউসগুলো আশা করছে, নিষ্পত্তির সময় কমলে বাজারে শেয়ার কেনাবেচার পরিমাণ বাড়বে। লেনদেনের পরিমাণ বাড়লে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসগুলোর কমিশন আয়ও বৃদ্ধি পাবে।
বিএসইসির বর্তমান শীর্ষ নেতৃত্ব মনে করেন, ‘টি+১’ চালুর মাধ্যমে দেশের শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা প্রমাণিত হবে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তাল মিলিয়ে বাজারকে আরও গতিশীল করাই এর মূল লক্ষ্য।
তবে লেনদেন নিষ্পত্তির সময় দ্রুততর করতে গেলে প্রচলিত কিছু প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর ফলে ব্যাংকের চেকে শেয়ার কেনাবেচার সুযোগ কমে আসবে।
দ্রুত অর্থ আদান-প্রদান নিশ্চিত করতে তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা বা আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট)-এর সঙ্গে যুক্ত হতে হবে। আরটিজিএস ব্যবস্থা চালু থাকলে সময়মতো অর্থ নিষ্পত্তি করা সহজ হবে।
অন্যদিকে, বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিছু কারিগরি ও প্রক্রিয়াগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করলে অর্থ বা শেয়ার বুঝে পেতে সময় বেশি লাগার আশঙ্কা রয়েছে।
এই সম্ভাব্য সমস্যার সমাধানে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁরা ‘শেয়ার লেন্ডিং অ্যান্ড বোরোয়িং’ ব্যবস্থা চালুর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন নিষ্পত্তির জটিলতা কাটানোর কথা বলেছেন।
নিষ্পত্তির সময় ‘টি+১’-এ নামিয়ে আনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন কমিশনার নাফিজ আল তারিক এবং হোসেন সাদাত।
ডিএসইর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার। এ ছাড়া ভারপ্রাপ্ত সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন।
বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও এই আলোচনায় যুক্ত ছিলেন। শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীরা সভায় অংশ নেন বলে জানা গেছে।
এর মধ্যে লংকাবাংলা, সিটি, ব্র্যাক ইপিএল, ইউসিবি এবং আইডিএলসি সিকিউরিটিজের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। নতুন নিয়ম চালুর ক্ষেত্রে মাঠ পর্যায়ের বাস্তবতা ও প্রস্তুতি নিয়ে তাঁরা মতামত দেন।
বিদেশি বিনিয়োগকারীদের কাস্টডিয়ান ব্যাংকগুলোর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ এবং ব্যাংক অব সিলনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সব মিলিয়ে ৪ জানুয়ারি থেকে ‘টি+১’ চালুর সিদ্ধান্তকে পুঁজিবাজারের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করাই মূল চ্যালেঞ্জ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



