ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে সাতটি কঠোর শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সুস্পষ্টভাবে বলেছেন, সময় এসেছে ওয়াশিংটনের উচিত তেহরানের উত্থাপিত এই সাতটি শর্ত মেনে নেওয়া।
একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা চলছে না বলে তিনি সাফ দাবি করেন। তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে 'কাল্পনিক আলোচনার মনগড়া তথ্য প্রচার' অনতিবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের যুদ্ধের সামর্থ্য কার্যত শেষ হয়ে গেছে।
তবে সামরিক অভিযানের মাত্রা কমালেও যুক্তরাষ্ট্র এখনই সংঘাতের পুরোপুরি ইতি টানছে না। এর বদলে ইরানের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থার ওপর মার্কিন নৌ অবরোধ কঠোরভাবে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানের তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্টভাবে বলেন, সামরিক অভিযান বা কোনো ধরনের অবরোধ জারি রেখে ইরানে স্থায়ী যুদ্ধ শেষ করা সম্ভব নয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন যে, স্থায়ী শান্তিস্থাপন করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের যৌক্তিক দাবি ও ঘোষিত শর্তসমূহ মেনে নিতে হবে। এ বিষয়ে তিনি বিশেষ দুই দিনের একটি বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সামরিক দিক থেকেও ইরান থেকে এসেছে কঠোর বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিরাপত্তা সচিব রেজাই জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে মার্কিন সরকার ইতোমধ্যে মারাত্মক সংকট ও ফাঁদে পড়ে গেছে।
রেজাইয়ের মতে, ওয়াশিংটন মূল পরিস্থিতি স্বীকার করতে ব্যর্থ হয়ে ভিত্তিহীন ও কাল্পনিক আলোচনার খবর প্রচার করছে। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের জন্য এখন একমাত্র সমাধান হলো পশ্চিম এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা স্বীকার করে নিয়ে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়া।
তেহরানের পেশ করা শর্তগুলোর মধ্যে প্রধানতম হলো—লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান চিরতরে বন্ধ করা এবং জব্দ করা ইরানি সম্পত্তি মুক্ত করা।
অন্যান্য শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত সব রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং সমুদ্রে চলমান মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া।
একই সাথে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পুরো নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও আপত্তিকর বক্তব্য চিরতরে বন্ধের শর্ত দেওয়া হয়েছে।
ইরানি কর্মকর্তাদের সুস্পষ্ট বক্তব্য অনুযায়ী, এসব শর্ত বাস্তবে রূপ নেওয়ার আগে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিল বসার কোনো প্রশ্নই ওঠে না।
অন্যদিকে, ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে আঞ্চলিক শান্তি ও ইরান-মার্কিন সংকট নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কাতার প্রধান জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিন্তু সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান পুরোপুরি পঙ্গু হয়ে পড়েছে।
ট্রাম্প ব্যাখ্যা করেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধেই যুক্তরাষ্ট্র আপাতত সংঘাতের গতি সীমিত রাখছে। অর্থাৎ, সরাসরি বোমাবর্ষণ সাময়িক কমলেও ইরানের ওপর ওয়াশিংটনের নৌ ও অর্থনৈতিক চাপ বহাল থাকছে এবং যেকোনো সময় ফের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি আমেরিকার রয়েছে।
এদিকে এ সংঘাতের উত্তাপ ছড়াচ্ছে প্রতিবেশী সৌদি আরবেও। রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর আগে সৌদির মদিনা অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে’ এক হামলার ঘটনা ঘটে। সেখানে সাময়িক অগ্নিকাণ্ড ঘটলেও মূল কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় তেল রপ্তানির জন্য বর্তমানে এই পাইপলাইনটি সৌদির অন্যতম ভরসা।
সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াশিংটন সামরিক সংঘাত কমানোর বার্তা দিয়ে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে চাপ তৈরি করতে চাইছে। বিপরীতে তেহরান জানিয়ে দিয়েছে, সাত শর্ত পুরোটাই না মানলে স্থায়ী যুদ্ধবিরতি বা আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



