ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসনের তীব্র চাপ কমাতে কেরানীগঞ্জে একটি পরিকল্পিত উপশহর বা ‘সেকেন্ডারি সিটি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় তিন হাজার একর জমির ওপর আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন এই জনবসতি গড়ে তোলা হবে। মূল শহরের বাইরে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসনের বিকল্প তৈরি করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার আবাসন সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ‘ঢাকা ওয়েস্টার্ন বাইপাস’ সংলগ্ন এলাকায় এই নতুন শহরটি গড়ে উঠবে। ইতিমধ্যে জাগৃকের সাইট সিলেকশন কমিটি প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে কমিটি কর্তৃপক্ষের কাছে একটি ইতিবাচক প্রতিবেদনও জমা দিয়েছে।
প্রকল্পের নথিপত্র অনুযায়ী, কেরানীগঞ্জ থানার আটটি মৌজা জুড়ে এই উপশহর বিস্তৃত থাকবে। মৌজাগুলো হলো কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগাযোগের জন্য বেশ সুবিধাজনক।
প্রস্তাবিত স্থানটি রাজধানীর বসিলা সেতু থেকে মাত্র আড়াই কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান। প্রকল্প এলাকার আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে দেখেছেন, চিহ্নিত তিন হাজার একর জমির মাত্র ৫ থেকে ৮ শতাংশে বর্তমানে বসতবাড়ি রয়েছে। বাকি বিশাল অংশই মূলত একফসলি কৃষি জমি হিসেবে পড়ে আছে। ফলে জমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজে তুলনামূলক কম জটিলতা হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ওই এলাকায় বিভিন্ন বেসরকারি আবাসন কোম্পানির সাইনবোর্ড ও বিলবোর্ড দেখা যাচ্ছে। তবে সরকারিভাবে এই উপশহর গড়ে তোলা হলে অপরিকল্পিত নগরায়ণ সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ মানুষ বেসরকারি প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও প্রতারণা থেকেও রক্ষা পাবেন।
নতুন এই উপশহরের সঙ্গে মূল রাজধানীর নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। জাগৃক সচিব মনদীপ ঘরাই জানান, ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দুটি প্রধান প্রবেশ সড়ক বা অ্যাক্সেস রোড নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর একটি যাবে সাভারের আমিনবাজারের দিকে এবং অন্যটি ঢাকার বসিলার দিকে।
এই দুটি সংযোগ সড়ক নির্মিত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এর ফলে সাভার ও ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং রাজধানীর মোহাম্মদপুরের সরাসরি ও সহজ যোগাযোগ স্থাপিত হবে। এতে ঢাকার ভেতরের যানজটও অনেকাংশে হ্রাস পাবে।
আবাসন পরিকল্পনা সম্পর্কে জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানান, সরকারের পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও চূড়ান্ত মহাপরিকল্পনা তৈরির পর মোট আবাসন সংখ্যা, নির্মাণব্যয় এবং প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করা হবে।
নতুন এই শহরের নকশায় জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। এখানে বহুতল আবাসিক ভবনের পাশাপাশি সব ভবনই ভূমিকম্প-সহনশীল করে নির্মাণ করা হবে। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, প্রাকৃতিক জলাধার, প্রশস্ত খেলার মাঠ, সবুজ পার্ক এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে।
কেরানীগঞ্জ ও ধামরাইয়ে এমন সেকেন্ডারি সিটি গড়ার পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সংকট নিরসনেও পৃথক উদ্যোগ নিচ্ছে জাগৃক। স্বল্প আয়ের মানুষ যেন সাশ্রয়ী মূল্যে উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে জন্য বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাগৃকের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম জানান, নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে গাজীপুরের টঙ্গীতে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ফ্ল্যাট কেনার পরিবর্তে নামমাত্র মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকবে। এর ফলে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেই সাধারণ পরিবারগুলো আধুনিক ও পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।
সংস্থাটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে বর্তমানে সারা দেশে জাগৃকের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় মোট ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি আবাসিক প্লট উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ভবিষ্যতে আবাসন প্রকল্প বাস্তবায়নে জমির সংকট এড়াতে একটি সমন্বিত ‘ল্যান্ড ব্যাংক’ বা ভূমি ব্যাংক গঠনের কাজও করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরকারি জমি সংরক্ষণ করা হবে, যা আগামী দিনে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন খাত গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



