ছবি: সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, নির্বাচনের আগের দিন এবং ভোটগ্রহণের দিন ধারণ করা সব ফুটেজ ভবিষ্যৎ প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে হবে বলে জানানো হয়েছে। এসব ভিডিও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
ইসির চিঠিতে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্দেশনা দিয়েছেন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদেরকে। ইসি জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে কি না এবং কোনো অনিয়ম হয়েছে কি না যাচাই করার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। কোনো আসনে ফলাফল নিয়ে বিতর্ক বা মামলা হলে এই ফুটেজ প্রধান কারিগরি তথ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



